ল্যাপটপ-কম্পিউটারের দাম আরও বাড়ার শঙ্কা

১ জুন, ২০২৩ ১৬:৫৮  

স্মার্ট বাংলাদেশ গঠন এবং তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে কম্পিউটার যন্ত্রাংশ উৎপাদন শিল্পের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি সুবিধা আরো ৩ বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই শিল্পের জন্য কর অব্যাহতি সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেন।

তবে এবারের বাজেট প্রস্তাবে কম্পিউটার ও ল্যাপটপ আমদানির ওপর থেকে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের কোনও ঘোষণা আসেনি। খাত সংশ্লিষ্টরা তা আশা করেলেও অপারেটিং সিস্টেম ও ডাটাবেজ সফটওয়্যার আমদানিতে ২০ শতাংশ শুল্ক বৃদ্ধি এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার ফলে তারা কম্পিউটার ও ল্যাপটপের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার।

তিনি বলেছেন, ‘বাজেটে হার্ডওয়্যার খাতের জন্য কোনও সুখবর নেই। আমরা আমরা করেছিলাম কম্পিউটার, ল্যাপটপের ওপর থেকে ভ্যাট (১৫ শতাংশ) প্রত্যাহার করা হবে। কিন্তু করা হয়নি। আর যেসব পণ্যে রেয়াত সুবিধার কথা বলা হয়েছে তা আগেও ছিল। বাজেট পাস হলে তা হয়তো আরও কিছুদিন বাড়তে পারে।’

অপারেটিং সিস্টেম (ওএস) এবং ডাটাবেজ সফটওয়্যার আমদানির ওপর শুল্ক ২০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করায় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ওএস যদি আরও বেশি দামে কিনতে হয়, তাহলে ল্যাপটপ ও কম্পিউটারের দাম আরও বাড়বে।’

এ ছাড়াও সব ধরনের মনিটরেরও দাম বাড়বে। ২২ ইঞ্চির নিচে যত ধরনের মনিটর ছিল, তার ওপরে এতদিন ৫ শতাংশ কাস্টমস ডিউটি ছিল। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনায় তা বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। বিসিএস সভাপতি বললেন, ‘এই ঘোষণায় মনিটরের দাম অনেক বাড়বে, যা সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। ’ 

প্রসঙ্গত, বাজেটে কম্পিউটার প্রিন্টার, টোনার ল্যাপটপ, এআইও, ডেস্কটপ, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, সার্ভার, কিবোর্ড, মাউস, বারকোড বা কিউআর স্ক্যানার, ইন্টারেকটিভ ডিসপ্পে, র্যাম, পিসিবিএ বা মাদারবোর্ড, মোবাইল ফোনের চার্জার ও ব্যাটারি, পাওয়ার ব্যাংক, রাউটার, নেটওয়ার্ক সুইচ, মডেম, নেটওয়ার্ক ডিভাইস বা হাব, স্পিকার, সাউন্ড সিস্টেম, ইয়ারফোন বা হেডফোন, এসএসডি বা পোর্টেবল এসএসডি, হার্ড ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ, মাইক্রো এসডি কার্ড, ফ্লাশ মেমরি কার্ড, সিসিটিভি, মনিটর (২২ ইঞ্চির বেশি নয়), প্রজেক্টর, প্রিন্টেড সার্কিট বোর্ড, ইরাইটিং প্যাড, ইউএসবি ক্যাবল বা ডাটা ক্যাবল, ডিজিটাল ওয়াচ, বিভিন্ন ধরণের লোডেড পিসিবি স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান রেয়াতি সুবিধার মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে নিয়োক্ত খাতসমূহে মূসক অব্যাহতি সুবিধা প্রদান ও বহাল রাখাসহ প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব পেশ করছি।’